মালদ্বীপকে ৫০ লাখ শ্রীলঙ্কান রুপির (প্রায় ২ লাখ ৫০ হাজার মালদ্বীপীয় রুফিয়া) বেশি মূল্যের অত্যাবশ্যকীয় ওষুধ উপহার দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২২ অক্টোবর কলম্বোতে মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নালিন্দা জয়াতিস্সা ওষুধের চালানটি হস্তান্তর করেন। মালদ্বীপ সরকারের পক্ষে তা গ্রহণ করেন শ্রীলঙ্কায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মাসুদ ইমাদ।
শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণমন্ত্রী গীলা আলীর অনুরোধে এই সহায়তা দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার মেডিকেল সাপ্লাইজ ডিভিশন ও স্টেট ফার্মাসিউটিক্যালস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের মাধ্যমে, দেশটির ওষুধ উৎপাদনকারীদের সহযোগিতায় ওষুধগুলো সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব ড. অনিল জাসিংহে, স্বাস্থ্যসেবা মহাপরিচালক ড. আসেলা গুণবর্ধনসহ জ্যেষ্ঠ কর্মকর্তা ও ওষুধ খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার ইমাদ প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সরকারকে ধন্যবাদ জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন।
চালানে কোন কোন ওষুধ রয়েছে, তা প্রকাশ করা হয়নি।
এর দুই মাস আগে, আগস্টে, ক্লিনিক্যাল ইন্টার্নশিপ কর্মসূচি চালুর লক্ষ্যে শ্রীলঙ্কার সুবসেবনা হাসপাতালের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়।